সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার উপর গুরুত্বারোপ

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সেমিনার

| মঙ্গলবার , ২৩ জুন, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে আমেরিকান কর্নার চট্টগ্রামে ‘এআই ইন সাইবার ডিফেন্স : প্রোটেক্টিং দ্য ডিজিটাল ওয়ার্ল্ড’ শীর্ষক সেমিনার ২১ জুন অনুষ্ঠিত হয়েছে। প্রযুক্তিনির্ভর বিশ্বে সাইবার নিরাপত্তা জোরদারে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জ্ঞান বিনিময়ের লক্ষ্যে সেমিনারটি অনুষ্ঠিত হয়। আমেরিকান কর্নার চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে প্রধান আলোচক ও ফ্যাসিলিটেটর ছিলেন চবি সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসাইন। তিনি তাঁর উপস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সাইবার হুমকি শনাক্তকরণ, তথ্য সুরক্ষা, ঝুঁকি বিশ্লেষণ এবং ভবিষ্যৎ সাইবার প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণে আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগ সম্পর্কেও তিনি বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি তাঁর বক্তব্যে বর্তমান ডিজিটাল যুগে সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান ও গবেষণামুখী কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। উপস্থিত ছিলেন আমেরিকান কর্নার চট্টগ্রামের মেইন লিগ্যাল কন্টাক্ট সাদাত জামান খান, কোঅর্ডিনেটর রাফি হোসেন এবং ডেপুটি কোঅর্ডিনেটর ফাইজা চৌধুরী। তাঁরা শিক্ষার্থী ও তরুণদের মধ্যে প্রযুক্তি, উদ্ভাবন এবং ডিজিটাল দক্ষতা উন্নয়নে আমেরিকান কর্নারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন।

সেমিনারে ইইই বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক, সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন মুন্না ও সহকারী অধ্যাপক রাহুল চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থী ও অন্যান্য শিক্ষকবৃন্দ, প্রযুক্তিসংশ্লিষ্ট আগ্রহী ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা লাভের পাশাপাশি প্রশ্নোত্তর পর্বে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুসলিম সংস্কৃতি লালন ও পরিচর্যা করা সময়ের দাবি
পরবর্তী নিবন্ধচবি ইয়ুথ থ্রি-আর সোসাইটির এজিএম