কবি সুফিয়া কামালের ছেলে, প্রবীণ সাংবাদিক ও শিক্ষক প্রফেসর শাহেদ কামাল শামীম গতকাল সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ১৯৫৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রায় পাঁচ দশক শিক্ষকতা করেছেন। তিনি বিপত্নীক ছিলেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
বিডিনিউজ জানায়, সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামালকে সমাহিত করা হবে আজিমপুর কবরস্থানে মা সুফিয়া কামালের কবরের পাশেই। তার আগে আজ রোববার দুপুর পৌনে ২টায় ধানমন্ডির তাকওয়া মসজিদে তার জানাজা হবে।
শাহেদ কামালের ছোট বোন সাঈদা কামাল এ তথ্য দিয়ে বলেন, ধানমন্ডি ৩২ নম্বরের ‘সাঁঝের মায়ায়’ (বাসভবন) তার মরদেহ রাখা হবে। রোববার সকাল থেকে সেখানে তাকে শ্রদ্ধা জানানো হবে।











