সফল আইনজীবী হতে হলে সততা ও নৈতিকতাকে ধারণ করতে হবে

আইন বিভাগ ৩৯তম ব্যাচের গ্র্যাজুয়েশন এন্ডিং প্রোগ্রামে ড. আলী আজাদী

| সোমবার , ২৯ জুন, ২০২৬ at ৫:৩৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, আইন পেশা শুধু জীবিকা অর্জনের ক্ষেত্র নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। একজন সফল আইনজীবী হতে হলে সততা, নৈতিকতা, পেশাগত দক্ষতা ও ন্যায়বিচারের আদর্শ ধারণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে দেশ, সমাজ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি পরিবর্তিত বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের দক্ষতা ও যোগ্যতা প্রতিনিয়ত উন্নত করার আহ্বান জানান তিনি।

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আইআইইউসির আইন বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত গ্র্যাজুয়েশন এন্ডিং প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী। সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. মাইমুল হাসান খান। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন আইন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে প্রোভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী বলেন, আইন পেশায় সাফল্য অর্জনের জন্য জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধের সমন্বয় অপরিহার্য। একজন আইনজীবীকে পেশাগত উৎকর্ষের পাশাপাশি নৈতিক দায়বদ্ধতাও সমানভাবে ধারণ করতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক তাসলিমা খান। এছাড়া বক্তব্য রাখেন এলএলএম প্রোগ্রামের কোঅর্ডিনেটর ও সহযোগী অধ্যাপক মহি উদ্দীন, সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক আব্দুল মালেক, সহযোগী অধ্যাপক মজুর হোসেন পাটোয়ারী, সহকারী অধ্যাপক মোহাম্মদ রিদওয়ান গনি এবং ফিমেল সেকশনের কোঅর্ডিনেটর ও সহকারী অধ্যাপক ফাতেমা তুজ জোহরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন বিভাগের প্রভাষক মো. মুসা। পরে বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময়, সাংস্কৃতিক পরিবেশনা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় গ্র্যাজুয়েটদের উজ্জ্বল ভবিষ্যৎ ও পেশাগত জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন বক্তারা। সংবাদ বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেঞ্চের শক্তি পরখ করে নিতে পেরে খুশি আর্জেন্টিনা কোচ
পরবর্তী নিবন্ধডা. মাহমুদুল হক চৌধুরী ও মোহসিন আলী মুহসেন সোসাইটির প্রতি নিবেদিতপ্রাণ ছিলেন