শ্রীলংকার বিপক্ষে হার দিয়ে শুরু মেয়েদের

টি-টোয়েন্টি সিরিজ

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২৯ এপ্রিল, ২০২৬ at ৮:২২ পূর্বাহ্ণ

ওয়ানডে সিরিজ ২১ ব্যবধানে হেরেছে মেয়েরা। এবার ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকার বিপক্ষে হার দিয়ে টিটোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজে সফরকারী শ্রীলংকা এগিয়ে গেল ১০ ব্যবধানে। গতকাল সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ২৫ রানে হেরেছে বাংলাদেশ। শ্রীলংকার ছুঁড়ে দেওয়া ১৬২ রানের লক্ষ্যে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রান করে টাইগ্রেসরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে শ্রীলংকাকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন অফস্পিনার সুলতানা খাতুন। শ্রীলংকার ওপেনার হাসিনি পেরেরাকে ৭ রানে শিকার করেন সুলতানা। দলীয় ২৫ রানে পেরেরাকে হারানোর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ৩২ বলে ৪২ রান যোগ করেন অধিনায়ক চামারি আতাপাত্তু ও ইমেশা দুলানি। চামারি ব্যক্তিগত ৩২ রানে ফিরলে ক্রিজে দুলানির সঙ্গী হন হার্ষিতা সামারাবিক্রমা। তৃতীয় উইকেটে ৫৪ বলে ৮০ রানের জুটিতে শ্রীলংকাকে লড়াকু সংগ্রহ এনে দেন তারা। ২০ ওভারে ৪ উইকেটে ১৬১ রানের পুঁজি পায় লংকানরা। ৭টি চারে দুলানি ৪০ বলে ৫৫ এবং সামারাবিক্রমা ৫ চার ও ২ ছক্কায় ৩৫ বলে ৬১ রান করেন। সুলতানা ২টি, মারুফা আক্তার ও নাহিদা আক্তার ১টি করে উইকেট নেন। ১৬২ রানের টার্গেটের খেলতে নেমে ২২ বলে ৩৯ রানের সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। এরপর ১১ বল ও ৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। জুয়াইরিয়া ১৬, শারমিন আক্তার ১, অধিনায়ক নিগার সুলতানা শূন্য ও দিলারা আক্তার ১৪ বলে ২৩ রানে আউট হন। ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে লড়াইয়ে ফেরান সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তার। পঞ্চম উইকেটে ৫০ বলে ৩৯ রান যোগ করেন তারা।

২৬ বলে ১৬ রান করে ফিরেন সোবহানা। উপরের সারির ব্যাটারদের ব্যর্থতার পরও একপ্রান্তে আগলে বাংলাদেশের জয়ের আশা বাঁচিয়ে রাখেন স্বর্ণা। কিন্তু ইনিংসের শেষ পর্যন্ত খেলেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি এই ডানহাতি ব্যাটার। ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রান করে বাংলাদেশ। ইনিংসের শেষ বলে আউট হবার আগে টিটোয়েন্টিতে প্রথম হাফসেঞ্চুরির স্বাদ নেন স্বর্ণা। ৪ চার ও ২ ছক্কায় ৪৫ বলে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন তিনি। শ্রীলংকার তিন বোলার ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন সামারাবিক্রমা। একই মাঠে আগামীকাল ৩০ এপ্রিল বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টিটোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে সেপাকটাকরো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী পূর্ণার সংবর্ধনা
পরবর্তী নিবন্ধপ্রথম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন