‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা : মেজবাহ

| বুধবার , ২৯ জুলাই, ২০২৬ at ৪:৪১ পূর্বাহ্ণ

শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়ে’ আশির দশকের শেষ দিকে ‘ডিফ্‌রেন্ট টাচ’ ব্যান্ডের শ্রোতাপ্রিয় গান চার দশক পর আবার ছড়িয়ে পড়েছে মানুষের মুখে মুখে। খবর বিডিনিউজের।

তবে এবার নিছক বর্ষাবন্দনা বা রোমান্টিসিজম নয়, সিলেটের এক শিক্ষিকাকে সোশাল মিডিয়ায় বুলিং করার জবাব দিতে দেশজুড়ে শিক্ষকরা গানকে বানিয়ে নিয়েছেন নিজেদের প্রতিবাদের হাতিয়ার। প্রায় চার দশকের পুরনো সেই গান যে হুট করে এমন অভূতপূর্ব রূপ নেবে, তা ভাবতে পারেননি গানটির গায়ক মেজবাহ রহমান। তিনি গ্লিটজকে বলেন, আমাদের গানটি যে অন্যায্য সমালোচনার বিরুদ্ধে অভূতপূর্ব সামাজিক আন্দোলন হয়ে উঠবে, এটা কখনো ভাবিনি। আমাদের গানটি মূলত প্রকৃতিকে নিয়ে তৈরি। তবে এটা এখন যেভাবে ছড়িয়ে পড়েছে, তাতে গানটি এখন প্রতিবাদের ভাষা হিসেবে দাঁড়িয়ে গেছে।

ঘটনার সূত্রপাত সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পালের একটি ভিডিও ঘিরে। নীল শাড়ি পরে আঁচল উড়িয়ে তার হাঁটার একটি রিল ভিডিওতে ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি ব্যবহার করার পর অনলাইনে তিনি ট্রলের শিকার হন। এরপরই সারা দেশের শিক্ষিকারা ওই একই গান ব্যবহার করে নানা ভিডিও পোস্ট করে বিউটি রাণীর প্রতি সংহতি প্রকাশ করা শুরু করেন।

সমাজ ও সোশাল মিডিয়ার এই প্রবণতা নিয়ে হতাশার পাশাপাশি বাস্তবতার কথাও তুলে ধরেন মেজবাহ। তিনি বলেন, সোশাল মিডিয়া অবারিত হওয়ার পর থেকেই দেখা যায়, একেবারে নির্মল ও সুস্থ কনটেন্টেও অনেকে নেতিবাচক মন্তব্য করেন।

পূর্ববর্তী নিবন্ধআজ টিআইসিতে শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান
পরবর্তী নিবন্ধ৪০০ পর্বে ‘হাবুর স্কলারশিপ’