শিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, নতুন চিন্তা ও উদ্যোক্তা তৈরিও অন্যতম উদ্দেশ্য

চবি সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামের ওরিয়েন্টেশনে উপাচার্য

| রবিবার , ৫ জুলাই, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (সিইউসিবিএ)-এর ২৯তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গত ৩ জুলাই রাতে নগরের বিজিএমইএ ভবনের মাহবুব আলী হলে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য ও সিইউসিবিএ’র বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আল্‌ফোরকান। বিশেষ অতিথি ছিলেন চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আলআমীন এবং চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সিইউসিবিএ’র বোর্ড অব গভর্নরসের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্‌ জহুর।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্‌ফোরকান বলেন, বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন শিক্ষা, গবেষণা ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের প্রযুক্তিকে ভয় পাওয়ার বা নিষিদ্ধ করার চেয়ে কীভাবে দায়িত্বশীল ও কার্যকরভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে। শিক্ষার লক্ষ্য শুধু চাকরি পাওয়া নয়, বরং নতুন চিন্তা, উদ্ভাবন এবং উদ্যোক্তা তৈরিও এর অন্যতম উদ্দেশ্য। আমি বিশ্বাস করি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আপনাদের সেই দক্ষতা অর্জনে সহায়তা করবে। বিশেষ অতিথির বক্তব্যে চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আলআমীন বলেন, ব্যবসা, প্রযুক্তি এবং পরিবেশ একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। একজন সফল ব্যবস্থাপককে শুধু মুনাফার কথা ভাবলেই হবে না, পরিবেশ, টেকসই উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়েও সচেতন হতে হবে। চবি সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (সিইউসিবিএ)-এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিমের সভাপতিত্বে এবং চবি ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে ওরিয়েন্টেশন স্পিকার হিসেবে বক্তব্য দেন, চিটাগং চেম্বারের প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হক। ওরিয়েন্টেশন প্রোগ্রামে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন, চবি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. জহুরুল আলম। এছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চবি মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি ড. মো. আশরাফুল আলম এবং ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক। ওরিয়েন্টেশন প্রোগ্রামে এমবিএ প্রোগ্রামের বিভিন্ন আইনকানুন, কোর্স সিস্টেম, একাডেমিক কার্যক্রম এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন চবি মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাভেদ হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএতিমখানায় মৌসুমী ফল ও খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধআসন্ন জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ.)-এ আনজুমানকে সহযোগিতা প্রদান করতে হবে