কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শিক্ষার্থীরা আগামী দিনের স্বপ্নবাহক, আর সেই স্বপ্নকে সঠিক পথে রূপ দেওয়ার মূল চাবিকাঠি শিক্ষক–শিক্ষিকারা।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক দৃঢ়তা, শৃঙ্খলাবোধ, সহযোগিতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা অর্জনের সঙ্গে সঙ্গে খেলাধুলা একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশে যে অপরিহার্য, আজকের আয়োজন তারই বাস্তব প্রতিফলন। বক্তারা আরো বলেন, কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয় শিক্ষা, শৃঙ্খলা ও ক্রীড়াক্ষেত্রে ভবিষ্যতেও সাফল্যের স্বাক্ষর রাখবে এবং এখানকার শিক্ষার্থীরা আলোকিত মানুষ হিসেবে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া। উদ্বোধক ছিলেন রাউজান প্রেসক্লাবের সহ–সভাপতি যীশু সেন। বিদ্যালয়ের শিক্ষিকা শিবানী চক্রবর্তী ও মৌসুমী মুৎসুদ্দীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কোয়েপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলিকা সেনগুপ্ত। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক শফিকুর রহমান কামেলী, সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, শিবানী চক্রবর্তী, কাবেরী চক্রবর্তী, রুম্পী চৌধুরী, নিলীমা ভট্টাচার্য, মৌসুমী মুৎসুদ্দী, সোমা কানুনগো, মোসাম্মৎ শিউলী খাতুন, অজিত নাথ, শুভার্থী চক্রবর্তী ও মোহাম্মদ আল হাসান। অনুষ্ঠানে ক্রীড়া শপথ পাঠ করান নিলীমা ভট্টাচার্য। প্রেস বিজ্ঞপ্তি।













