কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৭২ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নৌবাহিনী। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া ও শাহপরীর দ্বীপ এলাকায় এসব অভিযান চালানো হয়। ইয়াবা ছাড়াও মিয়ানমারের মুদ্রা ও মুঠোফোন জব্দ করা হয়েছে। নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর রাত তিনটার দিকে নয়াপাড়া এলাকায় অভিযান চালায় নৌবাহিনীর একটি দল। অভিযানে ধাওয়া করে নূর মোহাম্মদ ও হামিদ হোসেন নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা বাক্স থেকে ৪২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে একই ভোরে শাহপরীর দ্বীপ এলাকায় নোঙর করা একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় তল্লাশি চালায় নৌবাহিনী। নৌকার ভেতরে তৈরি করা বিশেষ গোপন কুঠুরি থেকে উদ্ধার করা হয় আরও ৩০ হাজার ইয়াবা। এ সময় একটি মুঠোফোন ও মিয়ানমারের ১১ হাজার কিয়াত (মুদ্রা) জব্দ করা হয়।
নৌবাহিনী এক বার্তায় জানিয়েছে, জব্দ করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। উপকূলীয় এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।











