রাউজান সদর ইউনিয়নের মঙ্গলখালী গ্রামে চোর চক্র স্বর্ণ শনাক্তকারী যন্ত্র নিয়ে একটি ঘরে প্রবেশ করে। চোরের দল ওই ঘর থেকে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুটে নিয়েছে। এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে মঙ্গলখালীর ছমাদ আলী মুন্সির বাড়ির মৃত মোহাম্মদ রফিকের ঘরে। গৃহকর্তার ছেলে মো. নইম উদ্দিন টিটু বলেছেন, তাদের ঘরের উপরের দরজা খোলা ছিল। তার সন্দেহ রাতের কোনো এক সময় চোরচক্রের একজন ওই দরজা দিয়ে ঘরে প্রবেশ করে লুকিয়েছিল। পরিবারের সদস্য ঘুমিয়ে পড়লে ঘরের দরজা খুলে দিয়ে অন্যদের ভিতরে প্রবেশ করায়। তিনি আরো বলেন, রাত প্রায় আড়াইটার দিকে আমার ঘুম ভেঙে যায় ঘরের ভিতর একটি যন্ত্রের আওয়াজ শুনে। তখন আমি শব্দের উৎস খুঁজতে বিছানা থেকে উঠে অগ্রসর হলে গেলে চোর চক্র আমাকে ধরে হাত, পা ও চোখ বেঁধে বিছানায় ফেলে রাখে।
তখন আমি বাঁধা পা দিয়ে জোরে জোরে খাটের কাঠে আঘাত করলে আওয়াজ শুনে আমার মা এসে এই দৃশ্য দেখেন। এসময় তিনি চিৎকার করলে চোরের দল ঘরের পেছনের দরজা দিয়ে দৌঁড়ে পালিয়ে যাচ্ছে।
নঈম উদ্দিন বলেন, আমি বিদেশে ছিলাম। সেখানে দেখেছি স্বর্ণ সনাক্তকারী যন্ত্র ও শুনেছি ওই যন্ত্রের শব্দ। এখানেও চোরের দল ঘরের আলমিরা খুলে স্বর্ণের খোঁজে ওই যন্ত্র ব্যবহার করেছে। তারা আলমিরার ভিতর সুরক্ষিত বাক্সটি সনাক্ত করেছে এই যন্ত্র দিয়ে। যে বাক্সে স্বর্ণালঙ্কার ছিল সেই বাক্সটি খুলে ভিতরে থাকা ৪ ভরি ও নগদ ৩ লাখ টাকা নিয়ে যায়।
জানা যায়, চোর চক্র ঘরের ভিতরে বাইরে থাকা ৪টি সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে গেছে।
এ বিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি ডাকাতি বলে মনে হচ্ছে না। প্রাথমিক ভাবে এটি চুরির ঘটনা বলে মনে হচ্ছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।












