লঙ্কান প্রিমিয়ার লিগে নাম লেখালেন সাকিব ও তাসকিন

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৪ মে, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে জাফনা কিংস। একই দলের হয়ে খেলবেন বাংলাদেশের আরেক তারকা পেসার তাসকিন আহমেদ। টুর্নামেন্ট শুরুর আগে সরাসরি চুক্তিতে এই দুই বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাসকিনকে নিয়ে দেওয়া পোস্টে দলটি বলেছে, ‘জাফনা পেস আক্রমণে যুক্ত করল আগুন ঝরানো শক্তি।’ রাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সাকিব গত কয়েক মাস কোনো স্বীকৃত প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। তবে ব্যক্তিগতভাবে অনুশীলন ও ফিটনেস ধরে রাখার কাজ চালিয়ে গেছেন নিয়মিত। এর আগে ২০২৩ মৌসুমে এলপিএলে অংশ নিয়েছিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। ফলে এবার হতে যাচ্ছে তার দ্বিতীয় এলপিএল অভিযান। তাসকিনের জন্যও এলপিএল নতুন নয়। ২০২৪ মৌসুমে তিনি খেলেছিলেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে। এবার নতুন ঠিকানা জাফনা কিংস। এলপিএলের ইতিহাসে অন্যতম সফল দল জাফনা। পাঁচ আসরের মধ্যে চারবারই শিরোপা জিতেছে দলটি। এবারও শক্তিশালী স্কোয়াড গড়ার পথে হাঁটছে তারা। ১৭ জুলাই পর্দা উঠতে যাওয়া এই আসরে সাকিব ও তাসকিন ছাড়াও সরাসরি চুক্তিতে দলে নেওয়া হয়েছে ভানুকা রাজাপাকসা এবং দুনিথ ওয়েলালাগেকে।

পূর্ববর্তী নিবন্ধএবারের বিশ্বকাপে নতুন ৪ নিয়ম
পরবর্তী নিবন্ধপ্রেসিডেন্সি স্কুলে কারাতে বেল্ট প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান