সৌদি আরবের রাজধানী রিয়াদে বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী কোম্পানি আরামকোর স্থাপনার কাছে আগুন ও ধোঁয়ার বিশাল কুণ্ডুলি উঠতে দেখার কথা জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।
গতকাল শনিবার তিনি রয়টার্সকে এমনটি জানালেও সৌদি কর্তৃপক্ষ এই আগুনের বিষয়টি তাৎক্ষণিকভাবে কিছু বলেনি। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্স আরামকোকে অনুরোধ জানালে তারাও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে লড়াই তীব্র হওয়ার মধ্যেই এই রিয়াদের আগুনের খবর এল। হুতিরা সৌদি আরবের শহর ও জ্বালানি অবকাঠামোগুলোতে হামলা বাড়িয়েছে। তবে তারপরও রিয়াদের এই আগুনের দায় স্বীকার করেনি কোনো পক্ষ। খবর বিডিনিউজের।
গত সপ্তাহে হুতিরা জানিয়েছিল, তারা সৌদি আরবের ইয়ানবুতে আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন যোগে হামলা চালিয়েছে। ওই সময় সৌদি আরব জানিয়েছিল, তারা তায়িফ ও ইয়ানবু এলাকার দিকে হুতিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাধা দিয়ে ধ্বংস করেছে; কিন্তু তারা আরামকোর স্থাপনায় কোনো ক্ষতি হওয়ার কথা জানায়নি।
গতকাল শনিবার সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, শুক্রবার রাতে ও শনিবার ভোররাতে সৌদি আরবে ইরান সমর্থিত হুতিদের হামলায় বেসামরিকদের সম্পদ ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত একজন আহত হয়েছেন।
সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, বাধা দিয়ে ধ্বংস করা এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে আসির প্রদেশে এক এশীয় আহত হয়েছে, পাশাপাশি একটি মসজিদ ও বেশকিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিভিল ডিফেন্স আরও জানায়, শুক্রবার নাজরান শহরের এক স্কুল ভবনে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, এতে ভবনটি ও কাছাকাছি থাকা কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।












