রাঙ্গুনিয়ায় হত্যা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১২ মে, ২০২৬ at ৮:০৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী। থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়া থানার বিভিন্ন এলাকায় গত দুই দিন ধরে এই বিশেষ অভিযান পরিচালনা করে তাদের ধরা হয়। এরমধ্যে গ্রেফতার মো. তাজুল ইসলাম (৫১) রাঙ্গুনিয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের গোডাউন বাজার এলাকার মৃত উকিল আহম্মদের ছেলে। গত ১০ মে এসআই মিজানুর রহমান তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও দাঙ্গার অভিযোগে দায়েরকৃত থানার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অন্যদিকে গ্রেপ্তারকৃত দিদারুল ইসলাম কাঞ্চন (৫৫) উপজেলার লালানগর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। তাকে ১১ মে রাতে এএসআই আবদুর রহিম গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া, ১৯৯১ সালের একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় তিনি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন জানান, অপরাধীদের দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী দিদারুল ইসলাম দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর ২৯ তম কনভেনশন র‌্যালি
পরবর্তী নিবন্ধটেকসই স্যানিটেশন ব্যবস্থা গড়ার বিকল্প নেই : ভিসি