রাঙ্গুনিয়ায় বনভূমি দখল, পাহাড় কাটা এবং সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে ঘর নির্মাণের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। বৃহস্পতিবার দুপুরে রাঙ্গুনিয়া রেঞ্জের নারিশ্চা বিটের হরিহর এবং কোদালা বিটের ‘সাদেকের গোনা’ এলাকায় এসব
উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
রাঙ্গুনিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার মেহরাজ উদ্দীনের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে বনভূমি দখল করে তৈরি করা অবৈধ ঘরগুলো গুড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে কোদালা বিটের ‘সাদেকের গোনা’ এলাকায় প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত স্থানে পাহাড় কেটে অবৈধভাবে ঘর নির্মাণের চেষ্টা চালাচ্ছিল একটি চক্র। খবর পেয়ে বনকর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে সরকারি ভূমি জবরদখলমুক্ত করেন। এছাড়া নারিশ্চা বিটের হরিহর নামক স্থানেও অভিযান চালিয়ে দুটি অবৈধ ঘর উচ্ছেদ করা হয়।
এর আগে গত ২৬ আগস্ট তারিখেও হরিহর এলাকায় অবৈধ দখলবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল।
এ বিষয়ে ফরেস্ট রেঞ্জার মেহরাজ উদ্দীন জানান, দেশের বনভূমি ও পাহাড় রক্ষায় বন বিভাগ কঠোর অবস্থানে রয়েছে। যারা সরকারি সম্পদ বিনষ্ট করতে চায় এবং পাহাড় কাটার মতো অপরাধের সাথে জড়িত, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। উচ্ছেদকৃত স্থানে পুনরায় বৃক্ষরোপণ করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে বন আইনে সুনির্দিষ্ট মামলাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।












