পুকুরে ছেঁড়া বিদ্যুতের তার,গোসলে নেমে গৃহবধূর মৃত্যু

মীরসরাইয়ে পূজায় যাওয়ার আগে গোসল করতে নেমেছিলেন প্রিয়াঙ্কা

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২৬ at ৯:০০ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গাপূজার উৎসবে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন প্রিয়াঙ্কা দাশ (৩০)। সকালে পুকুরে গোসল করতে গিয়ে ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ হারান তিনি। গতকাল সোমবার সকাল আটটার দিকে মীরসরাই উপজেলার খৈয়াছরা ইউনিয়নের উত্তর আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত প্রিয়াঙ্কা ওই এলাকার দাস বাড়ির পলাশ দাশের স্ত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্র জানায়, উত্তর আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পল্লী বিদ্যুতের একটি খুঁটি থেকে তার ছিঁড়ে পুকুরে পড়ে যায়। এলাকাবাসীর দাবি, বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সোমবার সকালে পুকুরে গোসল করতে গিয়ে ছেঁড়া তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন প্রিয়াঙ্কা। পরে পুকুরে পড়ে তার মৃত্যু হয়।

মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ শাহ্লাং মারমা বলেন, খবর পেয়ে আমবাড়িয়া এলাকার একটি পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মীরসরাই থানার উপপরিদর্শক আব্দুল ওয়াহাব সরকার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের সদস্যরা এ ঘটনায় মামলা করবেন না বলে জানিয়েছেন। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি–৩–এর মীরসরাই জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আদনান আহমদ চৌধুরী বলেন, বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার বিষয়ে গত ২৪ ঘণ্টায় তাদের কার্যালয়ে কেউ অভিযোগ জানাননি। তবে সকালে একজন ফোন করে তারের সংস্পর্শে এক নারীর মৃত্যুর খবর দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হবে।

পূর্ববর্তী নিবন্ধআজ প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধএনসিটি চুক্তি ও সিসিটি ইজারা প্রক্রিয়া বাতিলের দাবি