শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রবিবার (১৮ অক্টোবর) রাতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ।
শহরের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন শেষে রাত ৯টা ৩০ মিনিটে নগরীর লালদীঘিস্থ নবগ্রহ বাড়ি পূজামণ্ডপে গিয়ে এই পরিদর্শন কর্মসূচি শেষ হয়। পরবর্তীতে সেখানে নেতৃবৃন্দ সার্বিক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব, সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন, যুগ্ম আহ্বায়ক এ কে এম জিয়া উদ্দিন রনি, কেন্দ্রীয় জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি, জাতীয় যুব শক্তি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক বখতিয়ার হোসেন এবং সদস্য সচিব ইসমাইল হোসেন। এছাড়াও চট্টগ্রাম মহানগর এনসিপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা ও আয়োজনের খোঁজখবর নেন। এসময় বিভিন্ন পূজামণ্ডপে চট্টগ্রাম মহানগর এনসিপির পক্ষ থেকে সংগঠনের যুগ্ম আহ্বায়ক এ কে এম জিয়া উদ্দিন রনি পূজা উদযাপন কমিটির হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে পূজার সার্বিক সফলতা কামনা করে এনসিপি নেতৃবৃন্দ বলেন, ধর্ম–বর্ণ নির্বিশেষে সকল মানুষের সহাবস্থান ও সমপ্রীতি আমাদের ঐতিহ্য। আমরা এমন এক আগামীর বাংলাদেশ গড়তে চাই, যা হবে সম্পূর্ণ অসামপ্রদায়িক ও বৈষম্যহীন। শারদীয় দুর্গোৎসব যেন নির্বিঘ্নে, নিরাপদে ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়, সেজন্য আমরা সবসময় সনাতন ধর্মাবলম্বী ভাই–বোনদের পাশে আছি। প্রেস বিজ্ঞপ্তি।











