বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাঙ্গুনিয়াস্থ প্রথম সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার সকালে রাঙ্গুনিয়ার প্রবেশদ্বার তাপবিদ্যুৎ কেন্দ্র গেট এলাকায় উত্তর জেলা, উপজেলা, পৌরসভা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে একটি বিশাল ও বর্ণাঢ্য মিছিল সহকারে সমবেতভাবে শহীদ জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে উপস্থিত হন তারা। পুষ্পস্তবক অর্পণ শেষে সমাধিস্থল প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, সিনিয়র সহ–সভাপতি ইউসুফ চৌধুরী এবং সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী। সংক্ষিপ্ত এই সমাবেশে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সেকান্দর সওদাগর, সদস্য সচিব এস এম লোকমান হোসেন, রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মহসিন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহ্বায়ক শাহজাহান সিকদার ও সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী রাসেলসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য দেন।












