রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটে পৌরসভা চ্যাম্পিয়ন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ at ৭:১৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় উপজেলা প্রশাসন আয়োজিত আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গত মঙ্গলবার সম্পন্ন হয়েছে। ফাইনালে সরফভাটা ইউনিয়ন দলকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাঙ্গুনিয়া পৌরসভা একাদশ। ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামা সরফভাটা ইউনিয়ন একাদশ নির্ধারিত ১০ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৫২ রান তুলতে সক্ষম হয়। জবাবে ৫৩ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ৪ ওভারে ৩ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় রাঙ্গুনিয়া পৌরসভা একাদশ। রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একেএস খান হোল্ডিংস ও একেএস খান হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামানজার খান। প্রধান অতিথি হুমাম কাদের চৌধুরী ঘোষণা দেন চলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এ ম্যাচ দেখতে আজকের টুর্নামেন্টের ফাইনাল খেলার দুই দলের সকল খেলোয়াড়, কোচ ও অফিশিয়ালদের জন্য তিনি নিজস্ব উদ্যোগে টিকিটের ব্যবস্থা করে দেবেন। আগামী ১৫ তারিখ শুক্রবার সবাইকে সাথে নিয়ে গ্যালারিতে বসে খেলা দেখবেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টলা রানার্সের ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা কাল
পরবর্তী নিবন্ধপ্রবর্তক সেমিফাইনালে,এশিয়ান আবাসিক হারালো কলেজিয়েটকে