বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজিত ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা পর্যায়ে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে গতকাল বুধবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রবর্তক স্কুল এন্ড কলেজ ২ উইকেটে স্কুল অফ সাইন্স বিজনেজ এন্ড হিউমেনেটিস (এসএসবিএইচ) কে পরাজিত করে। ‘সি’ গ্রুপে দুটি দল থাকায় এ জয়ে তারা সেমিফাইনালে উন্নীত হয়েছে। টসে জিতে এসএসবিএইচ প্রথমে ব্যাট করতে নেমে ৪২.৩ ওভার খেলে সব উইকেটে হারিয়ে ১২১ রান সংগ্রহ করে। দলের পক্ষে শাহরিয়ার মাহমুদ ৪৭,নুরুল মোস্তফা ২২,মহারাজ ১৪ এবং আদনিতো বিশ্বাস ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৪ রান। প্রবর্তকের পক্ষে আল দায়ান ওয়াসি ২৯ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন। জবাবে প্রবর্তক স্কুল এন্ড কলেজ ২৮.৩ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১২৩ রান তুলে নেয়। বিজয়ী দলের শ্রীকান্ত ৪৭ বলে ৫০ রান করেন। এছাড়া সাদনান শাহরিয়ার ১৫ এবং সাকিন শরীফ অপ. ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৪ রান। এসএসবিএইচ এর পক্ষে ডান হাতি স্পিনার নুরুল মোস্তফা ২৫ রান দিয়ে ৫টি উইকেট দখল করেন। ২টি উইকেট পান আহনাফ আবদুল্লাহ।
সাগরিকার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় এশিয়ান আবাসিক স্কুল এন্ড কলেজ ৬ উইকেটে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলকে পরাজিত করে। টসে জিতে এশিয়ান আবাসিক প্রথমে ব্যাট করতে পাঠায় চট্টগ্রাম কলেজিয়েট স্কুলকে। কলেজিয়েট ১৪.৩ ওভার খেলে মাত্র ৫৮ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে অতিরিক্ত ২২ থেকে। দলের প্রাচুর্য রায় ১৬,আলভি তাহমিদ অপ. ১০ রান ছাড়া আর কেউই দুই অংকের ঘরে পৌঁছতে পারেনি। এশিয়ান আবাসিকের পক্ষে বাম হাতি স্পিনার সাইদুল ইসলাম মাত্র ৭ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। শাবাব শাহবিব ৮ রান দিয়ে পান ২টি উইকেট। জবাবে এশিয়ান আবাসিক ১২.৫ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ৬০ রান তুলে নেয়। দলের পক্ষে আমিরুল ইসলাম ১৬,ইমন হোসেন ১১,ইয়াসিন আারাফাত অপ. ১৪ রান করেন। কলেজিয়েট স্কুলের চৌধুরী মো. সুহাম ৩০ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন।












