চট্টলা রানার্সের ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা কাল

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ at ৭:১৩ পূর্বাহ্ণ

চট্টলা রানার্স আয়োজিত জনপ্রিয় ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা আগামীকাল ৫ জুন,শুক্রবার ৫ম বারের মতো চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশসহ ১২টি দেশের প্রায় ১১০০ দৌড়বিদ ‘স্যাম বন্ডসিআর টেনকে ২০২৬’ নামের এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেবেন। নগরীর ঐতিহ্যবাহী সিআরবি এলাকার শিরীষতলায় অনুষ্ঠিত হবে এ আয়োজন। সিআরকি থেকে শুরু হয়ে টাইগারপাস, লালখানবাজার ঘুরে প্রতিযোগিতারা আবার সিআরবিতে ফিরবেন। প্রতিযোগিতায় এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রান দ্য সিটি’। প্রতিযোগিতা শুরু উপলক্ষে গতকাল বুধবার দুপুরে নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আয়োজক সংগঠন চট্টলা রানার্সের সহপ্রতিষ্ঠাতা মুজিবুর রহমান মনি প্রতিযোগিতার নানা তথ্য জানান। তিনি বলেন, বয়সভিত্তিক চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিজয়ীদের জন্য নগদ অর্থ ও সম্মাননা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবারের আয়োজন। তাই ক্রীড়ার পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়াও এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য। শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে প্রতিযোগিতা শুরু হবে। সকাল ৭টা ২০ মিনিটের মধ্যে দৌড় শেষ হওয়ার কথা রয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চট্টলা রানারসের উপদেষ্টা প্রদীপ কুমার দেব,স্যামুদা স্পেককেম লিমিটেডের চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাশ, এভারকেয়ার হাসপাতালের করপোরেট হেড রাম প্রসাদ সুশীল এবং হাসপাতালটির প্রতিনিধি রঞ্জন কুমার দাস, এভারেস্টজয়ী পর্বতারোহী বাবর আলী, চট্টলা রানার্সের উপদেষ্টাদের মধ্যে প্রদীপ কুমার দেব, রাজীব ঘোষ, ইনামুল হক এবং কাজী আরিফুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ান, চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, স্যাম বন্ডের চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস, ব্র্যান্ড ম্যানেজার ইমতিয়াজ ইবনে ইমাম, এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের করপোরেট হেড রাম প্রসাদ সুশীল এবং এভারেস্টজয়ী পর্বতারোহী বাবর আলীসহ বিভিন্ন ব্যক্তিত্ব।

পূর্ববর্তী নিবন্ধবালক অনূর্ধ্ব-১৫ চট্টগ্রাম বিভাগীয় দলের অনুশীলন শুরু
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটে পৌরসভা চ্যাম্পিয়ন