যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এক ফুড ডেলিভারি কোম্পানির বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হকের বয়স ৪৩ বছর। তিনি অনলাইন ফুড ডেলিভারি কোম্পানি ডোরড্যাশে চাকরি করতেন। রাজশাহীর ছেলে মাহফুজ স্ত্রী এবং ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়া সিটিতেই থাকতেন। তার স্ত্রী সম্প্রতি চিকিৎসা বিজ্ঞানে গ্র্যাজুয়েশন শেষ করেছেন। খবর বিডিনিউজের। পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে খাবার ডেলিভারির সময় মাহফুজকে গুলি করা হয়। খবর পেয়ে কিসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লক থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন। মিলবোর্ন বরোর মেয়র মাহবুবুল আলম তৈয়ব বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রবাসীরা মনে করছেন। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। ঘটনাস্থলের আলামত থেকে প্রাথমিক তদন্তের ভিত্তিতে ফিলাডেলফিয়া পুলিশের চিফ ইন্সপেক্টর স্কট স্মল বলেছেন, খুব কাছে থেকে মাহফুজকে গুলি করে আততায়ী। গুলি মাথার পেছনে লাগে।
যেখানে গুলিবিদ্ধ মাহফুজ পড়ে ছিলেন, পাশেই তার ডেলিভারির গাড়িটি ইঞ্জিন চালু অবস্থায় পাওয়া যায়। কাছেই পড়ে ছিল খাবারের প্যাকেট। তদন্ত কর্মকর্তাদের ধারণা, মুখোশধারী অন্তত তিনজন এই হত্যাকাণ্ডে অংশ নেয়। এ ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে তা ২১৫–৬৮৬–৮৪৭৭ নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।









