ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে একটি মাইক্রোবাসের তেলের ট্যাংকের পাশে বিশেষ কায়দায় তৈরি গোপন চেম্বার থেকে ৪০ হাজার ৫০০টি ইয়াবা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে বারইয়ারহাট ট্রাফিক পুলিশ বক্সের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনা জেলার রবিউল ইসলাম প্রকাশ রবি (৪০), মাইক্রোবাসচালক মো. আলাউদ্দিন শেখ (২৮) ও মো. মোশারফ শিকদার জাম্বু (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাস আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে গাড়ির পেছনের সিটের নিচে তেলের ট্যাংকের পাশে প্লেন শিট দিয়ে ঢাকা একটি বিশেষ গোপন চেম্বার থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় ২০টি বান্ডেলে রাখা এসব ইয়াবার পাশাপাশি ২০০ গ্রাম ইয়াবার গুঁড়াও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, মাদক পরিবহনের উদ্দেশে মাইক্রোবাসটি খুলনার রূপসা থেকে কঙবাজারের কলাতলী নেওয়া হয়েছিল। সেখানে পলাতক শাহাবুদ্দিন ও রবিউল মিলে গাড়ির তেলের ট্যাংকের সঙ্গে বিশেষ চেম্বার তৈরি করে ইয়াবাগুলো লুকিয়ে রাখে। পুলিশ জানায়, কঙবাজার থেকে এসব ইয়াবা ঢাকার রানা বেগ ও রনি নামের দুই ব্যক্তির কাছে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।












