স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা অধিশাখা) মো. মহসীন গতকাল শনিবার মা ও শিশু হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করেন। এ উপলক্ষে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি যুগ্ম সচিব মো. মহসীন বলেন, আমি এই হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের সার্বিক কার্যক্রম দেখে খুবই অভিভূত। এখানে বিশেষায়িত শিশুদের সকল ধরনের চিকিৎসা সেবা বিদ্যমান। এক কথায় বলতে গেলে এখানে বিশেষায়িত শিশুদের জন্য ওয়ান স্টপ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা অন্য কোনো প্রতিষ্ঠানে এভাবে নাই। বর্তমান সরকার বিশেষায়িত শিশুদের চিকিৎসা সেবা কার্যক্রম এবং এই সেক্টরটি খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সংক্রান্ত একটি জাতীয় কমিটিও রয়েছে। তিনি এই হাসপাতালের শিশু বিকাশ কেন্দ্রের সার্বিক এই কার্যক্রমে বিষয়টি বিশেষায়িত কমিটি এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগে তুলে ধরবেন মর্মে সভায় অবহিত করেন। সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে সর্বাত্বক সহযোগিতারও আশ্বাস প্রদান করেন। তিনি সেন্টমার্টিন ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি পরিচালনার দায়িত্ব নেয়ার জন্য মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে সরকারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বক্তব্য দেন, কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র ব্যবস্থাপনা সাব–কমিটির চেয়ারম্যান ডা. মো. বেলায়েত হোসেন ঢালী, অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের সহযোগী অধ্যাপক ডা. ধনঞ্জয় দাশ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. হারুন ইউসুফ, মা ও শিশু হসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, পরিচালক (ফিন্যান্স) মো. রফিকুল আলম, উপ–পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, শিশু বিকাশ কেন্দ্রের সহকারী অধ্যাপক ডা. রেহানা আহমেদ, ডা. বেলাল উদ্দিন প্রমুখ। কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন যুগ্ম সচিবকে হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শনে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের জন্য সরকারের পক্ষ থেকে একটি ভবন নির্মাণ করে দেয়ার জন্য অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।












