উৎসবমুখর পরিবেশ এবং বৈশাখী আমেজে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মমতা’। গত ২৫ এপ্রিল সকালে সংস্থার প্রধান মমতা অডিটরিয়ামে কর্মকর্তা ও কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা নববর্ষ বরণ উৎসবের উদ্বোধন করেন মমতার প্রধান নির্বাহী একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক রফিক আহামদ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা দপ্তরের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, সমাজসেবা অফিসার মো. আলমগীর, সমাজসেবী জেসমিন সুলতানা পারু প্রমুখ। বর্ষবরণের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মোহাম্মদ শাহারিয়ার, তৌহিদ আহমেদ ও ইউসুফ আহমেদ, নৃত্য ও দলীয় সংগীত পরিবেশন করে মমতা কালচারাল ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে অভিমত ব্যক্ত করেন মমতার কার্যকরী পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম জোসেফ, সাধারণ সম্পাদক প্রফেসর পূরবী দাশ গুপ্তা, উপ–প্রধান নির্বাহী মো. ফারুক। নববর্ষের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সকল স্তরের কর্মকর্তাবৃন্দ। আনন্দঘন এই আয়োজনে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য মেনে নানা পদের ভর্তা, রসালো মিষ্টান্ন, মুড়ি–মুড়কি, বাহারি পদের খাবার দিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান লক্ষ্য ছিল কর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং নতুন বছরে নতুন উদ্যমে কাজ করার প্রেরণা জোগানো। দিনব্যাপী এই আয়োজনে কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি এবং স্মৃতিচারণের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।













