মহেশখালী থেকে মিয়ানমারে পাচারকালে ৫৫০ বস্তা সিমেন্টসহ দুটি বোট ও ৬ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। মহেশখালী থানাধীন নোনাছড়ি সংলগ্ন সমুদ্র এলাকায় গত শনিবার রাতে কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ী এ অভিযান চালায়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্টগার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীর নোনাছড়ি খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১টি কার্গোবোট থেকে ১টি ফিশিং বোটে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে স্থানান্তরকালে প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৫৫০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ২টি বোটসহ ৬ জন পাচারকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন কুতুবজোম তাজিয়াকাটা গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র মুক্তল হোসেন চৌধুরী সৈয়দ (৪৫), মৃত সেকান্দার বাদশার পুত্র বশির (৪৫), কালা মিয়ার পুত্র বেলাল হোসেন (২৫), আবুল কাশেমের পুত্র আব্দুল মজিদ (১৮), শাপলাপুরের মৃত বদর উদ্দিনের পুত্র সাবের (৪০) ও ধলঘাটার সুতরিয়া গ্রামের শামসুল আলম মাঝির পুত্র এম আবুল বশর (৩৭)। জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কোস্টগার্ড কর্তৃপক্ষ।














