বোয়ালখালীর দম্পতিকে ৪ বছর করে কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ এপ্রিল, ২০২৬ at ৫:৩৩ পূর্বাহ্ণ

জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ২ কোটি টাকার সম্পদ অর্জনের মামলায় বোয়ালখালীর এক দম্পতিকে ৪ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। পাশপাশি তাদেরকে সমপরিমাণ টাকা জরিমানাও করা হয়েছে। গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, বোয়ালখালী উপজেলার সরোয়াতলী এলাকার বাসিন্দা রুপম চৌধুরী ও তার স্ত্রী সন্ধ্যা রানী চৌধুরী। দুদক পিপি মোকাররম হোসেন দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন। আদালতসূত্র জানায়, মাদক ব্যবসার মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রুপম এমন অভিযোগের প্রেক্ষিতে ২০২২ সালের ১৮ অক্টোবর দুদক সমন্বিত জেলাকার্যালয়, চট্টগ্রাম২ এর তৎকালিন উপসহকারী পরিচালক মো. আব্দুল মালেক বাদী হয়ে রুপম ও তার স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার এজহারে বলা হয়, তারা দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে এক কোটি ৬০ লাখ তিন হাজার ২৩০ টাকার সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দিয়েছেন। এছাড়া জ্ঞাত আয়বহির্ভূত এক কোটি ৯৮ লাখ ৪৯ হাজার ২৩০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন তারা। আদালতসূত্র আরো জানায়, এ দম্পতির বিরুদ্ধে হওয়া মামলাটির তদন্ত শেষে চার্জশিট দাখিল করলে বিচারক তাদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধরামুতে বৃদ্ধকে গলা কেটে হত্যা
পরবর্তী নিবন্ধমাদারীপুরে বাসে আগুন, সীতাকুণ্ডের চালক নিহত