রামুতে বৃদ্ধকে গলা কেটে হত্যা

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ এপ্রিল, ২০২৬ at ৫:৩২ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামুতে পূজার ফুল কুড়াতে গিয়ে কালু বড়ুয়া (৬৫) নামে এক বৌদ্ধ ধর্মাবলম্বী বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার ভোরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে টাম্বু বড়ুয়া ওরফে টাবু নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কালু বড়ুয়া প্রতিদিন ভোরে পূজার ফুল কুড়াতে বের হতেন। গতকাল ভোরেও তিনি ফুল কুড়াতে বের হন। ওই সময় এলাকায় ধারালো দা নিয়ে টাম্বু বড়ুয়াকে ঘরবাড়ি ও দোকানে ভাঙচুর করতে দেখা যায়। কালু বড়ুয়া এগিয়ে গিয়ে ঘটনার কারণ জানতে চাইলে টাম্বু তার ওপর ক্ষিপ্ত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো কথা না বলেই টাম্বু বড়ুয়া হঠাৎ কালু বড়ুয়ার ওপর ঝাঁপিয়ে পড়েন এবং দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে তাকে মাটিতে ফেলে বুকের ওপর বসে গলা কেটে হত্যা করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত টাম্বু বড়ুয়া একটি ছুরি হাতে নিয়ে পুলিশের কাছে ধরা দেন। তবে স্থানীয়দের দাবি, টাম্বুর হাতে থাকা ছুরিটি হত্যাকাণ্ডে ব্যবহৃত মূল অস্ত্র নয়। প্রকৃত অস্ত্রটি আড়াল করার চেষ্টা করা হয়েছে বলে তাদের ধারণা।

নিহতের ছেলে অসীম বড়ুয়া অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। তার ভাষ্য অনুযায়ী, টাম্বু বড়ুয়ার সঙ্গে তাদের পরিবারের আগে কোনো বিরোধ ছিল না। তাই ঘটনাটি পরিকল্পিত হতে পারে বলে তারা সন্দেহ করছেন। রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, অভিযুক্ত টাম্বু বড়ুয়াকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচাকরির টাকা ফেরত চাওয়ায় তরুণকে ছুরিকাঘাত
পরবর্তী নিবন্ধবোয়ালখালীর দম্পতিকে ৪ বছর করে কারাদণ্ড