সময়–সুযোগ পেলে বেঞ্চের শক্তি পরখ করবেন। এমন কথা লিওনেল স্কালোনি বলেছিলেন আগেই। জর্ডান ম্যাচে সে সুযোগ মিলে যাওয়ায়, নয়টি পরিবর্তন এনে তিনি সাজান সেরা একাদশ। ম্যাচও আর্জেন্টিনা জিতল দাপটের সাথে। পাস–সিমিওনেদের পারফরম্যান্সে খুশি আর্জেন্টিনা কোচ বললেন, অনিয়মিতদের উপরও ভরসা রাখার আত্মবিশ্বাস পাচ্ছেন তিনি। উত্তর আমেরিকা বিশ্বকাপে, শনিবার জর্ডানের বিপক্ষে ম্যাচের সেরা একাদশে ছিলেন কেবল অস্ট্রিয়া ম্যাচে শুরু থেকে খেলা এমিলিয়ানো মার্তিনেস ও লাউতারো মার্তিনেস। শিওভানি লো সেলসো বিশ্বচ্যাম্পিয়নদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্তিনেস। জর্ডান এক গোল শোধ করার পর, ফের ব্যবধান বাড়ান দ্বিতীয়ার্ধে বদলি নামা লিওনেল মেসি। আর্জেন্টিনা জিতে ৩–১ ব্যবধানে। গ্রুপের সবগুলো ম্যাচ জিতে নকআউট পর্বে উঠল, শিরোপা ধরে রাখার অভিযানে আসা আর্জেন্টিনা। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে পাঁচ গোলের সবগুলোই করেছিলেন মেসি। জর্ডান ম্যাচেও মহাতারকা গোল পেয়েছেন, রেকর্ড গড়েছেন। তবে, এ ম্যাচে লো সেলসো ও মার্তিনেসের জালের দেখা পাওয়া বাড়তি স্বস্তি হয়ে এসেছে স্কালোনির জন্য। আর্জেন্টিনা কোচের মনে হচ্ছে, সামনের পথচলায়, বেঞ্চের উপর নির্ভর করতে পারবেন তিনি। ‘খুবই ইতিবাচক অনুভূতি হচ্ছে আমার। বিশেষ করে, আমি সব খেলোয়াড়কে খেলার সুযোগ দিতে পারলাম, এই লক্ষ্যটা সবসময় আমাদের সবার ছিল।’ ‘আমি বিশ্বাস করি, স্কোয়াডে থাকা সবাই বিশ্বকাপ উপভোগের, বিশ্বকাপে খেলার যোগ্য এবং আমরা তাদের ম্যাচ টাইম দিতে পারলাম। আমি মনে করি, জর্ডানের বিপক্ষে কঠিন ম্যাচে তারা দারুণ খেলেছে। তারা আমাকে আজ দেখিয়েছে, আমি তাদের উপর নির্ভর করতে পারি।’ মেসি প্রসঙ্গে স্কালোনি বলেন,‘যখন মানুষ মেসিকে নিয়ে আমাকে প্রশ্ন করে, তখন আমি একটু অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যাই। আমি জানি না, তাকে নিয়ে কী বলতে হবে। এই সংখ্যা, রেকর্ড, যেগুলো নিয়ে মানুষ কথা বলে, মেসি এগুলো নিয়ে খুব একটা ভাবে না। তাকে নিয়ে কেবল যে কথাটি আমরা মাথায় আসছে, আমি বিস্মিত।’ মেসিকে প্রশংসা করার উপমা ফুরিয়ে গেছে।
এদিকে শেষ বত্রিশের প্রতিপক্ষ কেইপ ভার্দেকে মোটেও খাটো করে দেখছেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। গ্রুপ পর্বের অভিজ্ঞতা থেকে এই আসরে চমক জাগানো দেশটিকে নিয়ে সাবধানী তিনি। স্পেন ও উরুগুয়ের গ্রুপে থেকেও কোনো ম্যাচ না হেরে রানার্সআপ হয়েছে কেইপ ভার্দে। তাদের হালকা করে দেখার মতো ভুল করতে রাজি নন আর্জেন্টিনা কোচ স্কালোনি।
‘তারা ভালো দল। তিন প্রতিপক্ষের জন্য তারা কাজটা কঠিন করে তুলেছিল। কেইপ ভার্দে কঠিন প্রতিপক্ষ। তারা আমাদের জন্যও কাজটা কঠিন করে তুলবে। কারণ, তারা এরই মধ্যে বিশ্বকাপের ফেভারিটদের একটি স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে সেটা করেছে। এই বিশ্বকাপে আমরা যা দেখছি তাতে, আমাদের সাবধান থাকতে হবে। তারা গতিময়, মান সম্পন্ন একটি ভালো দল।’ শেষ বত্রিশের ম্যাচে আগামী শনিবার, বাংলাদেশ সময় ভোর ৪টায় কেইপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠে এসেছে নবাগত দলটি।












