চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (সিবিইউএফটি) আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা গত ২০ এপ্রিল সম্পন্ন হয়েছে। ফাইনাল পর্বের বিতর্ক শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাসিরউদ্দিন চৌধুরী। তিনি বলেন, এ ধরনের বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে নেতৃত্বের গুণাবলী গড়ে ওঠে। পোশাকশিল্পে সঠিক মেধার প্রয়োগ ও কমিউনিকেশনস স্কিল উন্নত করতে বিতর্ক প্রতিযোগিতা সহায়ক ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ওবায়দুল করিম ও ট্রেজারার অধ্যাপক প্রদীপ চক্রবর্তী। ড. ওবায়দুল করিম বলেন, পড়ালেখার অন্যতম অনুষঙ্গ বিতর্ক প্রতিযোগিতায় যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা শাণিত হয়।
সিবিইউএফটি ডিবেট ক্লাবের (সিডিসি) উপদেষ্টা সহকারী অধ্যাপক ইমন বিশ্বাস শুভ মডারেটর হিসেবে প্রতিযোগিতা পরিচালনা করেন। বিচারক প্যানেলে ছিলেন জাতীয় বিতার্কিক প্রভাষক সাব্বির হোসেন ও মো. হাসানুল আমিন। এই প্রতিযোগিতায় ২৪২ ব্যাচের ‘ব্লু হর্নেট’ চ্যাম্পিয়ন হয়েছে। ২৫১ ব্যাচের মো. আরিফুর রহমান ফাহিম পুরো টুর্নামেন্টজুড়ে অসামান্য পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টের সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।














