বান্দরবানে ছাত্রদলের নতুন কমিটি বাতিল দাবিতে সড়ক অবরোধ

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ৫ মে, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

দীর্ঘ নয় বছর পর বান্দরবান জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হলেও ‘ত্যাগীদের মূল্যায়ন না করায়’ কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল সোমবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান কর্মসূচি পালনের কারণে ঘণ্টাখানেক প্রেসক্লাব সড়কে যানবাহন বন্ধ ছিল। কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের পুরনো কমিটির সহসভাপতি জসীম উদ্দিন, জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার নাথ, অরুণ ময় প্রমুখ।

সাবেক কমিটির সহসভাপতি জয়নাল আবেদীন বলেন, ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করে বিতর্কিত ব্যক্তি ফরহাদ হোসেন জিকুকে আহ্বায়ক করে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত ১০ সদস্য বিশিষ্ট ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিল করতে হবে। কেন্দ্রের কাছে আমাদের প্রত্যাশাসুসংগঠিত ছাত্রদলের কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনতে বিতর্কিত কমিটি বাতিল করে প্রকৃত ছাত্রদের মধ্যে থেকে ত্যাগীদের মূল্যায়ন করা হোক। ছাত্রদলে কোনো অছাত্রের প্রতিনিধিত্ব আমরা চাই না।

গত ২ মে ১০ সদস্য বিশিষ্ট ঘোষিত কমিটিতে সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন অংস্লাহা মারমা।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, ১৪৪ ধারা জারি
পরবর্তী নিবন্ধসৌদি থেকে কাল চট্টগ্রাম আসছে এক লাখ টন ক্রুড অয়েলবাহী জাহাজ