বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সার্বিক কার্যক্রমকে সন্তোষজনক বলে বিবেচনা করে উক্ত এসোসিয়েশনকে বাংলাদেশ সেপাক টাকরো ফেডারেশন হিসেবে স্বীকৃতি প্রদান করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। গতকাল ১০ আগস্ট সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল হকের অনুমোদন সাপেক্ষে পরিপত্র জারি করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জান খাঁন। উক্ত পরিপত্রে জানানো হয় ফেডারেশন কর্তৃক কার্যক্রম পরিচালনার শর্ত মোতাবেক প্রতি বছর কমপক্ষে ২০ টি জেলায় নিয়মিত ক্রীড়া কার্যক্রম পরিচালনা করতে হবে। বাংলাদেশ সেপাক টাকরো ফেডারেশনের নিজস্ব ক্রীড়া ক্যালেন্ডারসহ জেলা ক্রীড়া সংস্থার সাথে সমন্বয় করে কমপক্ষে ২০টি জেলায় ক্রীড়া ক্যালেন্ডারের সাথে কার্যক্রম সম্পৃক্ত করে বার্ষিক কর্মপরিকল্পনা প্রতিবছর জাতীয় ক্রীড়া পরিষদে দাখিল করতে হবে।











