সেমিফাইনালে আইআইইউসি ও সাউদার্ন ইউনিভার্সিটি

দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৬:২৪ পূর্বাহ্ণ

দখিনা স্পোর্টস আয়োজিত দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ও সাউদার্ন ইউনিভার্সিটি। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় আইআইইউসি সহজেই ২–০ গোলে প্রিমিয়ার ইউনিভার্সিটিকে এবং দ্বিতীয় ম্যাচে সাউদার্ন ইউনিভার্সিটি ৩–১ গোলে বান্দরবান ইউনিভার্সিটিকে পরাজিত করে। দিনের প্রথম ম্যাচে আইআইইউসি খেলার শুরু থেকে শেষ পর্যন্ত দাপটে খেলে জয় আদায় করে নেয়। তবে প্রথম গোলের জন্য দলটিকে ৪২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। প্রিমিয়ার ইউনিভার্সিটির খেলোয়াড়রা বিক্ষিপ্তভাবে আক্রমণ করলেও গোল করার মতো তেমন সুযোগ সৃষ্টি করতে পারেনি। প্রথমার্ধের খেলা গোলশূন্য ড্র থাকার পর দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে গোলের দেখা পায় আইআইইউসি। এ সময় বক্সের বাইরে পাওয়া এক ফ্রি কিক থেকে সতীর্থের হাওয়ার ভাসিয়ে দেয়া বল প্রিমিয়ার ইউনিভার্সিটির ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে আইআইইউসির স্ট্রাইকার নুর জোরালো শটে গোল করেন (১–০)। এ গোলে উজ্জীবিত আইআইইউসিকে আর ধরে রাখা যায়নি। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করার পর ২৭ মিনিটে আরো এক গোলের দেখা পায় তারা। এবারে গোলকিপারের অবহেলার সুযোগে ক্ষিপ্র গতিসম্পন্ন নুর দ্রুততার সাথে টোকা মেরে দলকে ২–০ গোলে জয় পাইয়ে দেন। পাশাপাশি ৪ গোল করে এখন পর্যন্ত গোলদাতার তালিকায় নিজেকে শীর্ষে নিয়ে গেছেন তিনি। তিনিই সেরা খেলোয়াড় মনোনিত হন। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন আইআইইউসির স্টুডেন্ট এ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক মো. মামুনুর রশীদ। দিনের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী সাউদার্ন ইউনিভার্সিটির জয়ে বাধা হয়ে দাঁড়াতে পারেনি বান্দরবান ইউনিভার্সিটি। তবে বেশ কিছুটা সময় তাদের ভুগিয়েছে বলা যায়। কেননা প্রথমার্ধে ০–১ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা আনতে সক্ষম হয় তারা। পাশাপাশি খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগ পর্যন্ত বান্দরবান সাউদার্ন ইউনিভার্সিটি’কে সমতায় ধরে রেখে ম্যাচ জমিয়ে তোলার চেষ্টা করে। অবশ্য এ সময়ে অব্যর্থ ২টি সুযোগ নষ্ট করেছিল সাউদার্ন ইউনিভার্সিটি। অধিনায়ক আনন্দের ২টি গোলের প্রচেষ্টা সাইড ও ক্রস বারে লেগে প্রতিহত হয়। অবশ্য তারপরই সেই আনন্দ গোল করে দলকে (২–১) লিড পাইয়ে দেন। শেষ দিকে তাহসিন আরো এক গোল করে সাউদার্ন ইউনিভার্সিটির জয় সুনিশ্চিত করেন (৩–১)। এর আগে প্রথমার্ধের ২৩ মিনিটে সাউদার্ন ইউনিভার্সিটির নকী চন্দ্র দাসের গোলে এগিয়ে যায় (১–০)। দ্বিতীয়ার্ধের ৩ মিনিটে শিপনের গোলে সমতায় ফিরেছিল বান্দরবান ইউনিভার্সিটি (১–১)। সাউদার্ন ইউনিভার্সিটি’র অধিনায়ক আনন্দ সেরা খেলোয়াড় মনোনিত হন। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক কৃতী ফুটবলার ও সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু এবং বান্দরবান ইউনিভার্সিটির এ্যাসিটেন্ট রেজিস্ট্রার ওমর ফারুক রুবেল। আজকের খেলা: ভেটেরিনারি ইউনিভার্সিটি বনাম পোর্ট সিটি ইন্টারন্যাল ইউনিভার্সিটি ( দুপুর ২টা) এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বনাম ইউএসটিসি (বিকেল ৩টা ২০ মিনিট)।

পূর্ববর্তী নিবন্ধসিএস স্পোর্টস ও চট্টগ্রাম ক্রিকেট একাডেমির শুভসূচনা
পরবর্তী নিবন্ধঋতুপর্ণাদের বাটলারের ছকেই রাখতে চান নতুন কোচ এরিক