জুলাই অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। গতকাল সোমবার রমনায় গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএস) আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও পাঠানো হয়েছে। খবর বিডিনিউজের।
এর আগে ২০২৫ সালের নভেম্বরে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল বাংলাদেশ সরকার।
কামালকে ফেরত চেয়ে দ্বিতীয় দফা চিঠি পাঠানো হল কি না, এমন প্রশ্নে শামা ওবায়েদ বলেন, আইনের মাধ্যমে উনার (কামাল) বিচার হচ্ছে এবং উনি যেহেতু পলাতক আসামি, উনাকে ফিরিয়ে আনার জন্য আমাদের যে চিঠিটা দেওয়ার প্রয়োজন, সেটাই আমরা দিয়েছি। এবং এটা আমরা বারবার বলেছি আগেও যে, কূটনীতিতে যে নর্মস আছে, যে প্রটোকল আছে, সেই প্রটোকল অনুযায়ী এঙট্রাডিশন ট্রিটি অনুযায়ী আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে উনার বিচারও সম্পন্ন করা হবে, ঠিক যেভাবে হাসিনাসহ অন্যান্য আসামিদের বিচার হবে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত পাঠাতে পৃথক চিঠি দেওয়ার তথ্য দিয়ে প্রতিমন্ত্রী বলেন, চিঠি সমপ্রতি গেছে এবং এটা শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করেই চিঠি দেওয়া হয়েছে। যখন যেটা প্রয়োজন, আমাদের আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যে উদ্যোগগুলো নেবেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের ডিপ্লোমেসি অনুযায়ী আমরা সেই কাজগুলো করব।












