ফটিকছড়িতে বহুতল ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ২০ জুন, ২০২৬ at ৬:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজার ট্যাক্সি স্টেশন এলাকার একটি বহুতল ভবন থেকে ফারুক (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২০ জুন) খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহত যুবক উপজেলার নারায়ণহাট ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিবিরহাট বাজার ট্যাক্সি স্টেশনের একটি ৫ তলা ভবনে এক যুবকের মরদেহ ঝুলতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে নানা গুঞ্জন চলছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।”

এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

পূর্ববর্তী নিবন্ধমসজিদ পরিদর্শনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধপেকুয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক