প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগে ‘ডেনিম ওয়াশিং: ফ্যাশন ইফেক্টস অ্যান্ড সাসটেইনেবল প্র্যাকটিসেস’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি দামপাড়াস্থ ভবনে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে স্পিকার হিসেবে বক্তব্য দেন বিভাগের প্রভাষক এস. এম. তাওসিফ। কর্মশালায় এস. এম. তাওসিফ ডেনিম পোশাকের ওয়াশিং প্রক্রিয়া, ফ্যাশন শিল্পে এর প্রভাব এবং পরিবেশবান্ধব ও টেকসই পদ্ধতির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ডেনিম ওয়াশিংয়ের মাধ্যমে পোশাকে নান্দনিকতা ও বৈচিত্র্য তৈরি করা সম্ভব হলেও প্রচলিত অনেক ওয়াশিং প্রক্রিয়ায় বিপুল পরিমাণ পানি, রাসায়নিক উপাদান ও জ্বালানি ব্যবহৃত হয়। ফলে পরিবেশের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই আধুনিক ফ্যাশন শিল্পে পরিবেশবান্ধব প্রযুক্তি ও টেকসই ওয়াশিং পদ্ধতির ব্যবহার বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ভবিষ্যতের ফ্যাশন ডিজাইনারদের শুধু পোশাকের নকশা ও নান্দনিকতার দিকে নজর দিলেই হবে না; উৎপাদন প্রক্রিয়ার পরিবেশগত প্রভাব সম্পর্কেও সচেতন হতে হবে। টেকসই প্রযুক্তি ও দায়িত্বশীল উৎপাদন পদ্ধতির মাধ্যমে ফ্যাশন শিল্পকে আরও পরিবেশবান্ধব করে তোলা সম্ভব।
কর্মশালায় বক্তব্য রাখেন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুহেলী চৌধুরী। তিনি বলেন, বর্তমান সময়ে ফ্যাশন শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো টেকসই উৎপাদন ব্যবস্থা। শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি শিল্পের পরিবর্তিত চাহিদা, পরিবেশ সুরক্ষা এবং টেকসই অনুশীলন সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা অর্জন করতে হবে। ভবিষ্যতে ফ্যাশন শিল্পে দক্ষ, সৃজনশীল ও পরিবেশ–সচেতন পেশাজীবী হিসেবে গড়ে উঠতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালায় বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।










