সামপ্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের পক্ষ থেকে ২৫ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উপস্থিতিতে এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম এবং সাধারণ সম্পাদক মো. শওকত আলী প্রধানমন্ত্রীর কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মো. মনজুর–উল–আলম উপস্থিত ছিলেন।
চেক হস্তান্তরের পর এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীর নিকট বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতির চিত্র তুলে ধরেন। তারা উল্লেখ করেন যে, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলের প্রবল স্রোতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য মানুষ ঘরবাড়ি, ফসল ও জীবিকা হারিয়ে চরম দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। বিশুদ্ধ পানীয় জল, খাদ্য, চিকিৎসাসেবা এবং অন্যান্য মৌলিক প্রয়োজনীয়তার সংকটে দুর্গত এলাকার জনগণ কঠিন সময় অতিবাহিত করছেন।
এসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, জাতীয় দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক, সামাজিক ও মানবিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অনুদান প্রদান করেছে। তারা আশা প্রকাশ করেন, এ সহায়তা বন্যাদুর্গত মানুষের জরুরি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে এবং দেশের সকল সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানও মানবিক সহায়তায় এগিয়ে আসবেন। প্রেস বিজ্ঞপ্তি।












