মুক্তির প্রথম দিনেই দর্শকদের দারুণ সাড়া পেয়েছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত চলচ্চিত্র ‘আজও অর্ধাঙ্গিনী’। ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনেই একাধিক প্রদর্শনীতে হাউজফুল হয়েছে। শুধু দর্শকই নন, সমালোচকদের কাছ থেকেও মিলছে উচ্ছ্বসিত প্রশংসা। মুক্তির দিন কলকাতার ঐতিহ্যবাহী নন্দন প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা কৌশিক গাঙ্গুলী, অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলী, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবং সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। এদিকে চলচ্চিত্রটি দেখে প্রশংসা করেছেন নির্মাতা ইন্দ্রনীল রায়। নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, গত দুই দশক ধরে কৌশিক গাঙ্গুলী বাংলা সিনেমার দর্শকদের সামনে ব্যতিক্রমী ও প্রচলিত ধারার বাইরে থাকা মানবিক সম্পর্কের গল্প তুলে ধরেছেন। তবে ‘আজও অর্ধাঙ্গিনী’ দিয়ে তিনি সেই উচ্চতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছেন।
ইন্দ্রনীল রায়ের মতে, ছবিটি একদিকে যেমন বাণিজ্যিকভাবে সফল হওয়ার সব উপাদান রাখে, অন্যদিকে সমালোচকদের কাছেও সমান প্রশংসা পাওয়ার যোগ্য।











