নগরীর পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদয়ালয়ে গতকাল স্বাস্থ্য সচেতনতামূলক বিশেষ স্কুল ক্যাম্পেইন এবং ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপসের প্রচারণা অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, সুষম পুষ্টির গুরুত্ব, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি এড়ানো এবং সুস্থ জীবনযাপনের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসাথে ‘চসিক স্কুল হেলথকার্ড’–এর মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে কী কী স্বাস্থ্যসেবা ও বিশেষ সুবিধা ভোগ করতে পারবে, সে বিষয়েও তাদের বিস্তারিত অবহিত করা হয়। শিক্ষার্থীরা যাতে সহজে ও নিয়মিত এই উদ্যোগের বিভিন্ন সুবিধা সম্পর্কে সচেতন হতে পারে, সেজন্য ক্যাম্পেইন শেষে সংশ্লিষ্ট বিদ্যালয়ে সুবিধাসমূহ সম্বলিত একটি তথ্যবহুল দেয়ালিকা স্থাপন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুল হেলথকার্ড পরিচালনা কমিটির সদস্য ইমরানুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেজামুল হক, এবং অভিভাবক সদস্য আয়ুব আলী ও রাশেদুল ইসলাম। বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্বাস্থ্য নিশ্চিতে চসিকের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। এই কার্যক্রমের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী স্বাস্থ্যসেবার আওতায় আসবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।











