পথচারীদের জন্য ফুটপাত দখলমুক্ত করা হোক

| সোমবার , ১১ মে, ২০২৬ at ৬:৪৬ পূর্বাহ্ণ

নগর জীবনে ফুটপাত পথচারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচলের অন্যতম প্রধান মাধ্যম। একটি সভ্য ও পরিকল্পিত শহরের পরিচয়ই হলো তার সুসংগঠিত ফুটপাত ব্যবস্থা। কিন্তু দুঃখজনকভাবে আমাদের শহরের অধিকাংশ ফুটপাত আজ দখলদারদের কবলে পড়ে কার্যত পথচারীদের জন্য অচল হয়ে পড়েছে। চট্টগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, বিশেষ করে বহদ্দারহাট ও চান্দগাঁও অঞ্চলে ফুটপাত দখল করে গড়ে উঠেছে অসংখ্য অস্থায়ী দোকান, হকার ও অবৈধ স্থাপনা। অনেক জায়গায় ফুটপাত পুরোপুরি দখল হয়ে যাওয়ায় পথচারীরা সড়কে নেমে চলাচল করতে বাধ্য হচ্ছে। এতে করে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে নারী, শিশু, শিক্ষার্থী ও বয়স্কদের জন্য এই পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা হোক। পাশাপাশি হকারদের জন্য নির্দিষ্ট ও পরিকল্পিত স্থান নির্ধারণ করে পুনর্বাসনের ব্যবস্থাও গ্রহণ করা জরুরি।

পথচারীদের অধিকার নিশ্চিত করা একটি মানবিক ও দায়িত্বশীল নগর ব্যবস্থাপনার অংশ। তাই ফুটপাত দখলমুক্ত করা এখন সময়ের দাবি।

মোহাম্মদ রিমন

বহদ্দারহাট, চান্দগাঁও, চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারার এক কৃষিবিজ্ঞানী কামাল উদ্দিন
পরবর্তী নিবন্ধসৈয়দা করিমুননেসার তৃতীয় কাব্য ‘ইশ যদি পাখি হতাম’