পটিয়ায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন হচ্ছে আজ শুক্রবার। সকাল ১১টায় পটিয়া উপজেলার চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পাশে খরনা ইউপির কমলমুন্সির হাট এলাকায় নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পটিয়ার সংসদ সদস্য এনামুল হক এনাম।
এ বিষয়ে এনামুল হক এনাম এমপি বলেন, এ মিনি স্টেডিয়াম নির্মাণের মাধ্যমে পটিয়ায় ক্রীড়াঙ্গনে একটি মাইলফলক রচিত হচ্ছে। পটিয়ায় ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার উন্নয়নে আগামীতে আরো উপজেলার বিভিন্ন স্থানে একাধিক স্টেডিয়াম ও মাঠে গ্যালারি নির্মাণের মাধ্যমে আগামী প্রজন্মকে মাদক ও অসমাজিক কর্মকাণ্ড থেকে রক্ষা করতে আমার চেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি ক্রীড়ার মানোন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হবে।
মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনকে ঘিরে এলাকায় সাজসাজ রব বিরাজ করছে। উপজেলা ক্রীড়া সংস্থা এবং বিএনপি ও অঙ্গসংঠনের নেতাকর্মীরা দুইদিন আগ থেকেই মন্ত্রী ও সাংসদকে অভিনন্দন জানিয়ে রঙ বেরঙের ব্যানার ফেস্টুন ও তোরণ নির্মাণ করেছেন। দিনভর স্টেডিয়াম নির্মাণাস্থলে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে।
এদিকে পটিয়ায় উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও সফল করতে এমপি এনামুল হকের সার্বিক তত্ত্বাবধানে গতকাল বৃহস্পতিবার বিকেলে স্টেডিয়াম চত্বর পরিদর্শন করেন নেতৃবৃন্দ।











