ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে

প্রকৃতি উৎসব

| শুক্রবার , ৫ জুন, ২০২৬ at ৯:২৫ পূর্বাহ্ণ

পরিবেশ সুরক্ষা, প্লাস্টিক দূষণ রোধ এবং আগামী প্রজন্মের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দৃষ্টি চট্টগ্রাম ও ইপসা’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রকৃতি উৎসব : বারোয়ারী বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে এ উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

উৎসবের অংশ হিসেবে বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতার ক গ্রুপে (৫ম৮ম শ্রেণি) বিষয় ছিল ‘পলিথিনের ছায়ায় হারিয়ে যাচ্ছে সবুজের মায়া’ এবং খ গ্রুপে (৯ম১২শ শ্রেণি) বিষয় ছিল ‘প্লাস্টিকের মোড়কে বন্দি আধুনিক সভ্যতা’। পাশাপাশি ‘আমার প্লাস্টিকমুক্ত সবুজ পৃথিবী’ শীর্ষক বিষয় নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সাবেক পরিচালক ও অতিরিক্ত সচিব জাফর আলম। মোটিভেশনাল স্পিকার ছিলেন এভারেস্ট বিজয়ী ডা. বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন ইপসার হেড অব অ্যাডভোকেসি মো. আলী শাহীন, চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান শাহ নেওয়াজ রিটন। চট্টগ্রাম জেল মহিলা ক্রীড়া সংস্থার কার্যকরী সদস্য বৃজেট ডায়েস, দৃষ্টির সাবেক সভাপতি সাইফ চৌধুরী। সভাপতিত্ব করেন দৃষ্টির আহ্বায়ক মাসুদ বকুল। সমন্বয়কারী মুন্না মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন, দৃষ্টির সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মুন্না। উপস্থিত ছিলেন মুজিবুল হক, নাজমা আলী নীপা, মেহবুবা তৃষা, ইতু দত্ত, তুর্যয় চৌধুরী, অভিষেক পাল, আরাফাত কবির, চন্দ্রিমা চৌধুরী ও ফাইরুজ রিফা।

প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বলেন, প্লাস্টিক একটি প্রয়োজনীয় উপদ্রব। বর্তমান সময়ে আমরা চাইলেই প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে পারব না। তবে কম প্রয়োজনীয় এবং একবার ব্যবহারযোগ্য (ওয়ানটাইম) প্লাস্টিকের ব্যবহার ধীরে ধীরে শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। একই সঙ্গে প্লাস্টিক বর্জ্যকে সম্পদে (অ্যাসেট) রূপান্তরের উদ্যোগ নিতে হবে। পুনঃব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণের মাধ্যমে প্লাস্টিককে পরিবেশের জন্য হুমকি না বানিয়ে অর্থনৈতিক সম্পদে পরিণত করা সম্ভব। পরিবেশ রক্ষায় ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ডা. বাবর আলী বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকার বা কোনো প্রতিষ্ঠানের নয়, এটি আমাদের সবার। প্লাস্টিকের অপ্রয়োজনীয় ব্যবহার কমাতে হবে এবং দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব বিকল্প গ্রহণ করতে হবে। শেষে বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় সাড়ে ৮ কোটি টাকায় মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আজ
পরবর্তী নিবন্ধঈদ ছুটিতে পরিবার পরিকল্পনার বিভিন্ন প্রতিষ্ঠানে নরমাল ডেলিভারি ১২৬টি