পটিয়ায় মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (১৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার খরনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দত্ত পাড়া এলাকার একটি মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান উপজেলার খরনা ইউনিয়নের লালারখীল গ্রামের মোহাম্মদ হারুনের পুত্র। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি।
জানা যায়, গতকাল সকাল থেকে দত্ত পাড়া এলাকার কৃষ্ণ মন্দিরে টাইলস বসানোর কাজ করছিলেন মিজান। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত হঠাৎ বিদ্যুস্পর্শ হলে অজ্ঞান হয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খরনা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আবদুল করিম জানান, সকালে মন্দিরে টাইলসের কাজ করার সময় হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।













