প্রিমিয়ার ভার্সিটিতে আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন আইকনেক্ট

| সোমবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৪৭ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ২দিনব্যাপী আইকনেক্ট আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি হয়েছে। তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে দেশ–বিদেশের গবেষক, শিক্ষক, প্রকৌশলী ও শিক্ষার্থীরা অংশ নেন।

সম্মেলনে ২৩টি দেশের ১৫৬টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৯১১টি গবেষণাপত্র জমা পড়ে। আন্তর্জাতিক মানের পর্যালোচনা প্রক্রিয়ার মাধ্যমে এসব গবেষণাপত্র থেকে ১৪২টি গবেষণাপত্র নির্বাচিত হয়। সম্মেলনের দুই দিনে নির্বাচিত গবেষণাপত্রগুলোর উপস্থাপনা অনুষ্ঠিত হয়। তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স ও স্বয়ংক্রিয়তা, যোগাযোগ ও নেটওয়ার্কিং, বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থা–সহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয় এসব গবেষণায় উঠে আসে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আক্তার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন ভারতের বেঙ্গালুরুর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপ–উপাচার্য প্রফেসর ড. শিবাপেরুমাল সম্পথ। উপস্থিত ছিলেন আইকনেক্ট এর টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান অধ্যাপক প্রফেসর ড. শেখ ফাত্তাহ, ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. শহীদ মো. আসিফ ইকবাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. সেলিয়া শাহনাজ, আইইইই বাংলাদেশ শাখার চেয়ারম্যান প্রফেসর ড. মো. ইমামুল হাসান ভূঁইয়া এবং আইকনেক্ট আয়োজন কমিটির চেয়ারম্যান টুটুন চন্দ্র মল্লিক। সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিঙ, স্বয়ংক্রিয়তা, উন্নত কম্পিউটিং, সেমিকন্ডাক্টর, ইন্টারনেট অব থিংস, সাইবার নিরাপত্তা ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন প্রযুক্তি দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু প্রচলিত শিক্ষাদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে নতুন জ্ঞান ও উদ্ভাবন সৃষ্টি এবং তা সমাজের কল্যাণে প্রয়োগ করতে হবে। তিনি বলেন, একটি আন্তর্জাতিক সম্মেলন শুধু গবেষণাপত্র উপস্থাপনের জায়গা নয়; এটি নতুন ধারণা বিনিময়, গবেষকদের মধ্যে যোগাযোগ সৃষ্টি এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ তৈরির গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আইকনেক্ট ২০২৬–এর মাধ্যমে এ ধরনের সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আইকনেক্ট ২০২৬–এর সমাপ্তি হলেও সম্মেলনকে কেন্দ্র করে গড়ে ওঠা আলোচনা, যোগাযোগ ও গবেষণা সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির ইতিহাসে এই প্রথম আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হলো। এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন এবং একই সঙ্গে একটি সাহসী উদ্যোগ। সম্মেলনটি আয়োজনের মাধ্যমে সিএসই ও ইইই বিভাগের শিক্ষক, গবেষক ও আয়োজকরা তাঁদের সক্ষমতা ও দক্ষতার প্রমাণ দিয়েছেন।

সম্মেলনে নির্বাচিত ১৪২টি গবেষণাকর্ম আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে উপাচার্য বলেন, গবেষণাকর্মগুলো আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হলে তা ইউনিভার্সিটির জন্য একটি বড় অর্জন হবে এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিয়ে যাবে। সম্মেলনের দ্বিতীয় দিন ছয়টি বিভাগে প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের গবেষণা, উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতা তুলে ধরেন। প্রযুক্তি, গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীলতাকে কেন্দ্র করে আয়োজিত এ প্ল্যাটফর্মে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতা ও প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোর শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধরাউজানের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে যারা চেষ্টা করবে তাদের শিঁকড় উপড়ে ফেলা হবে