মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পটিয়ায় আগামীকাল থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী বর্ণাঢ্য পটিয়া উৎসব। পটিয়া ফাউন্ডেশনের উদ্যোগে পটিয়া হাইস্কুল মাঠে ২২-২৪ মার্চ পর্যন্ত চলবে এ উৎসব। এতে পটিয়ার রত্ন ৩২ জনকে (মরণোত্তর) স্বর্ণ স্মারক, ১১ জনকে স্বর্ণপদক ও ৩৫ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। তিন দিনে ৭৮ জনকে সংবর্ধনা ছাড়াও চলবে বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পটিয়ার নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে আলোচনা, আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশনাসহ নানান উৎসাহমূলক আয়োজন রয়েছে। মঙ্গলবার সকাল দশটায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী। এদিন পটিয়ার রত্ন ৩২ জনকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হবে।
দ্বিতীয় দিন পটিয়ার ১১ জন রত্নকে স্বর্ণ স্মারক প্রদান করা হবে। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বৃহস্পতিবার শেষ দিনে পটিয়ায় জন্ম নেওয়া ৩৫ কৃতীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার এমপি সামশুল হক চৌধুরী। এছাড়া বর্ণাঢ্য আয়োজনে প্রতিদিন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পূর্তি উপলক্ষে ৫০টি করে আতশবাজি উৎক্ষেপণ করা হবে। পটিয়ার ৫০ বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য পঞ্চাশটি রিকশা-ভ্যান ও জনপ্রতি নগদ ৫ হাজার টাকা করে পুঁজি প্রদান করা হবে।
গতকাল রোববার দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন উৎসব কমিটির চেয়ারম্যান ও পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহারুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন উৎসবের উদ্যোক্তা পটিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল করিম চৌধুরী শারুন, উৎসব কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আ ক ম শামসুজ্জামান, মিডিয়া কমিটির আহ্বায়ক মহসিন চৌধুরী।












