নেতাকর্মীদের উপর হামলায় শ্রমিক কল্যাণের প্রতিবাদ, গ্রেপ্তার দাবি

| বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

খুলশীর সেগুনবাগান ইসলামী পাঠাগারে হামলা, ভাঙচুর ও শ্রমিক নেতাকর্মীদের ওপর নৃশংস আক্রমণের প্রতিবাদে প্রেস ব্রিফিং করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর। এতে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, গতকাল রাত সাড়ে নয়টার দিকে খুলশী থানাধীন সেগুনবাগান এলাকায় অবস্থিত ইসলামী পাঠাগারে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সেক্টরের একটি নিয়মিত সাংগঠনিক বৈঠক চলাকালে বিএনপির অঙ্গসংগঠন যুবদল ও ছাত্রদলের নামধারীরা পাঠাগারে ভাংচুর চালিয়ে উপস্থিত শ্রমিক নেতাকর্মীদের ওপর হামলা ও লুটপাট করে। তিনি বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি জাতীয় শ্রমিক সংগঠন, যার সঙ্গে কোনো রাজনৈতিক দলের বিরোধ নেই। সংগঠনের নিরীহ নেতাকর্মীদের ওপর এমন হামলা নিন্দনীয়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, হামলায় মহানগর কোষাধ্যক্ষ মো. নুরুন্নবীসহ অন্তত আটজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা নুরুন্নবীর কাছে থাকা প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা এবং অন্যান্য নেতাকর্মীদের কাছ থেকে নগদ অর্থ, মানিব্যাগ ও মোবাইল ফোন লুট করে। সর্বশেষ হিসেবে প্রায় ২ লাখ টাকা লুট হওয়ার তথ্য পাওয়া গেছে। আহতদের নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এস এম লুৎফর রহমান বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের দ্রুত শনাক্ত করতে হবে। তারা যে দলেরই হোক, পরিচয় প্রকাশ করে অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি লুট হওয়া অর্থ ও মালামাল উদ্ধার করে ভুক্তভোগীদের ফেরত দিতে হবে। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রশাসনকে স্বপ্রণোদিত হয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মকবুল আহম্মেদ ভূঁইয়া, হামিদুল ইসলাম, স ম শামীম, আব্দুর রহীম মানিক, জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলাম মজুমদার ও ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ‘রোড টু লাইট এসএসসি’ কার্যক্রমের উদ্বোধন
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির সিএসই বিভাগে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের ভর্তি পরীক্ষা