নানান ভাষার গান, দলীয় নৃত্য ও একক পরিবেশনার মধ্য দিয়ে রাঙামাটিতে বাংলা নতুন বর্ষকে বরণ করলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে জেলা শহরের আসামবস্তিস্থ রাঙামাটি পাবলিক কলেজ হলরুমে বর্ষবরণ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উদীচী বৃহত্তর তবলছড়ি শাখা।
এতে উদীচীর শাখা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি এ্যানি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি সুকুমার বড়ুয়া, সহ-সভাপতি আশীষ কুমার বড়ুয়া, এম জিসান বখতেয়ার, সাধারণ সম্পাদক সাগর পাল, সহ-সাধারণ সম্পাদক বড়ুয়া, আইনজীবী বিউটি দত্তসহ আরও অনেকেই।
শুরুতে উদীচীর দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর দলীয় গান, দলীয় নাচ, একক গানসহ তঞ্চঙ্গ্যা, চাকমা, ত্রিপুরাসহ বিভিন্ন ভাষার গান ও গানের তালে নৃত্য পরিবেশ করেন উদীচীর শিল্পীরা। এছাড়া সাংস্কৃতিক আয়োজনের মাঝে-মাঝে বক্তব্য রাখেন অতিথিরা।
এসময় বক্তারা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে বহুভাষা ও বহু জাতির অস্তিত্ব রয়েছে। আমাদেরকে সকল জাতিসত্তার অধিকার, শিল্প-সংস্কৃতি রক্ষায় অগ্রসর ভূমিকা রাখতে হবে। কোনো জাতিগোষ্ঠী যেন তার সংস্কৃতি-ঐতিহ্যকে হারিয়ে না ফেলে। বাংলাদেশের শিল্পী-সংস্কৃতির রক্ষায় উদীচী তার জন্মলগ্ন থেকে ভূমিকা রেখে আসছে এবং এ সংগ্রাম অব্যাহত থাকবে।’
উদীচীর বর্ষবরণ অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীদের পাশাপাশি উদীচীর বিভিন্ন ইউনিটের সদস্যরাও সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন। এসময় উদীচী রাঙামাটি জেলা সংসদ ও বিভিন্ন ইউনিট শাখার সদস্যরা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেছেন।














