নগর বিএনপির চার দিনের কর্মসূচি ঘোষণা

বিপ্লব ও সংহতি দিবস

আজাদী প্রতিবেদন | সোমবার , ২ নভেম্বর, ২০২৬ at ১১:০৮ পূর্বাহ্ণ

আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে ৫ নভেম্বর র‌্যালি, ৭ নভেম্বর সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ এবং ৮ নভেম্বর আলোচনা সভা। এছাড়া ৬ নভেম্বর যুবদল কর্মসূচি পালন করবে।

বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে গতকাল রোববার নগরের নাসিমন ভবন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভা থেকে কর্মসূচিগুলো ঘোষণা করা হয়। সভায় জানানো হয়, ৫ নভেম্বরের বর্ণাঢ্য র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চেতনার এক তাৎপর্যপূর্ণ দিন। আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণের ঐক্যবদ্ধ অবস্থান এবং রাষ্ট্রের স্বাধীন সত্তা রক্ষার অঙ্গীকার এই দিনের ঐতিহাসিক শিক্ষা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহি–জনতার বিপ্লব বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। এই ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী রাজনীতির বিকাশ, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনের প্রত্যয় সুদৃঢ় হয়। তাই ৭ নভেম্বর জাতীয় স্বার্থ ও স্বাধীনতা রক্ষার এক অনন্য প্রেরণা।

নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, এস এম সাইফুল ইসলাম, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল ও শিহাব উদ্দিন মুবিন, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ।

পূর্ববর্তী নিবন্ধনগর বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ এবং কার্যকর অংশীদারত্ব অপরিহার্য
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ – এর অন্ত্যমিল