দেয়াল দিয়ে দীঘি দখল

মীর আসলাম, রাউজান | সোমবার , ১১ মে, ২০২৬ at ৬:১৩ পূর্বাহ্ণ

রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নের ২৫ একর আয়তনের প্রাচীন ঈশা খাঁ দীঘি খণ্ড খণ্ড ভাবে অবৈধ দখলে যাচ্ছে। ইতিহাসের সাক্ষী হয়ে থাকা এ দীঘির কিছু জায়গা দখল করে স্থানীয় আবুল কাসেম নামের এক ব্যক্তি পাকা দেয়াল নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, সরকারি খাস খতিয়ানভুক্ত এই দীঘিটি এখন তিন বছরের ইজারা নিয়ে মৎস্য চাষ করছেন স্থানীয় এস এম জাহেদ নামে এক ব্যক্তি। তিনি বলেছেন, পারিবারিক এক সদস্যের চিকিৎসা নিয়ে বেশ কিছুদিন শহরে আছেন। দীঘির ভিতর কে বা কারা পাকা দেয়াল নির্মাণ করছে তিনি কিছু জানেন না। এদিকে নোয়াজিশপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জান্নাত আরা বেগম দীঘির ভিতর দেয়াল নির্মাণ করার বিষয়ে একটি অভিযোগপত্র দিয়েছেন উপজেলা প্রশাসনে।

গতকাল ১০ মে রবিবার সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, বিশাল দীঘিটির উত্তর পাড়ে রয়েছে ছোট একটি পাকা ঘাট। এই ঘাটের পশ্চিমাংশের ভিতর পাকা দেয়াল নির্মাণ করছেন কয়েকজন শ্রমিক। তারা জানান, স্থানীয় আবুল কাসেম নামে এক বিএনপি নেতা অবকাঠামো নির্মাণ করছেন। আবুল কাসেম জানান, ইজারাদার ও স্থানীয় বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান নুরুল হুদাকে জানিয়ে তিনি ঈদগাহ করতে এ কাজ করছেন। সাবেক চেয়ারম্যান নুরুল হুদা বলেন, ‘সরকারি জায়গায় অবকাঠামো নির্মাণ করার অনুমতি দেয়ার এখতিয়ার আমার নেই। এ বিষয়ে আমি অবহিত নই। দখলদার আমার নাম ভাঙিয়ে কিছু করলে অন্যায় করছে।’ তিনি প্রাচীন এ দীঘি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এস এম রাহাতুল ইসলাম বলেন, দীঘির কিছু অংশ দখল করার অভিযোগ পেয়ে কাজ বন্ধ করার জন্য নোটিশ দিয়েছি। অমান্য করলে দখলকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধমানদণ্ড না মানলে প্রকল্প নয় : অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধকিশোরটির সাথে অমানবিক আচরণ