দেশীয় ফলের সঙ্গে নতুন প্রজন্মের পরিচিতি বৃদ্ধি এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের ‘ফল উৎসব-২০২৬’।
বৃহস্পতিবার (১৯ জুন) রাতে নগরীর লাভলেইন এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ উৎসবে সংগঠনের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাতুনগঞ্জের ব্যবসায়ী অমল কান্তি দাস ও তন্ময় দাস। এছাড়া বিভিন্ন গণমাধ্যম, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, ৭১ টেলিভিশনের ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, গাজী টিভির ব্যুরো প্রধান অনিন্দ্য টিটু, দৈনিক পূর্বকোণের চিফ রিপোর্টার সাইফুল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, দীপ্ত টিভির ব্যুরো প্রধান লতিফা আনসারী রুনা, বিজয় টিভির ব্যুরো প্রধান মোরশেদ হোসাইন চৌধুরী, দেশ টেলিভিশনের ব্যুরো প্রধান একেএম নাজিম, সময় টিভির সিনিয়র রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস, চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার রনি দত্ত, ৭১ টিভির স্টাফ রিপোর্টার রাজিব বড়ুয়া, নগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াসিন চৌধুরী লিটন, যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দেশীয় ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্যগত উপকারিতা এবং স্থানীয় পর্যায়ে ফল চাষ সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দেশীয় ফল শুধু সুস্বাদুই নয়, বরং স্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নতুন প্রজন্মকে দেশীয় ফলের প্রতি আগ্রহী করে তুলতে এমন আয়োজন সময়োপযোগী। পরে অতিথিরা বিভিন্ন প্রজাতির দেশীয় ফলের প্রদর্শনী পরিদর্শন করেন এবং আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন।
উৎসবে গণমাধ্যমকর্মী, তাদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, দেশীয় ফলের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি এবং পুষ্টি সচেতনতা গড়ে তুলতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে টিসিজেএ’র সহ-সভাপতি সনজিব দে বাবু, সহ-সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজ রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিম উদ্দিন এবং নির্বাহী সদস্য রবিউল হোসেন টিপু, জহিরুল ইসলাম ও নাজিম উদ্দিন সহ টিসিজেএ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।










