সাতকানিয়ায় চোলাই মদসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এক অফিস সহায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারায় মাহালিয়ামুখী সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম উজ্জ্বল দে (৫২)। তিনি বোয়ালখালী উপজেলার খরনদ্বীপ এলাকার মৃত হারাধন দের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে উজ্জ্বল দে মোটরসাইকেল চালিয়ে বান্দরবান থেকে ফিরছিলেন। বাজালিয়ার বড়দুয়ারার মাহালিয়া রাস্তার মোড়ে পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করতে গিয়ে তার কাঁধের থলে এবং মোটরসাইকেলের বিভিন্ন অংশে রাখা মদের বোতল দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে ৫ লিটার চোলাই মদ ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, উজ্জ্বল দে চমেক হাসপাতালের অফিস সহায়ক হিসেবে কর্মরত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (গতকাল) তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।













