হারিয়ে যাওয়ার দুই ঘণ্টার মধ্যে জাপানের এক নাগরিকের আইফোন ১৬ উদ্ধার করে তাঁকে ফিরিয়ে দিয়েছে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা-পুলিশ। ফোনটি ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রশংসা করেছেন ওই জাপানি নাগরিক।
বুধবার (১৯ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ মোহাম্মদ নাজমুন নূর।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জাপানের নাগরিক মুরোহাশি হিরোকাজু নিউ মার্কেট এলাকায় ব্যক্তিগত কেনাকাটা করতে যান। এ সময় তাঁর ব্যবহৃত আইফোন ১৬ হারিয়ে যায়। পরে তিনি বিষয়টি কোতোয়ালি থানা-পুলিশকে জানান।
খবর পেয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ মোহাম্মদ নাজমুন নূরের নির্দেশনায় পুলিশের একটি দল ফোনটি উদ্ধারে কাজ শুরু করে। পুলিশ নিউ মার্কেট এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তা নেয়।
পুলিশের দাবি, প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় হারানো আইফোনটি উদ্ধার করা হয়। পরে সেটি জাপানি নাগরিক মুরোহাশি হিরোকাজুর কাছে হস্তান্তর করা হয়।
ফোনটি ফিরে পেয়ে মুরোহাশি হিরোকাজু বলেন, “How good! I’m surprised!” এ সময় তিনি বাংলাদেশ পুলিশের প্রশংসা করেন এবং দ্রুত ফোনটি উদ্ধার করে দেওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, আমাদের নিয়মিত কাজে অংশ হিসেবে জাপানি নাগরিকের হারানো এই মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হয়। তুমি কোতোয়ালীর এমন কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা চাই নাগরিকদের সর্বোচ্চ আইনগত সহায়তা প্রদান করতে। নগরের বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও হারানো জিনিস উদ্ধার অব্যাহত রয়েছে।












